খবরবাংলা ডেস্ক :
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া জানান, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত রাতে চট্টগ্রামের অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী নগরের পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলার আগে গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করা হয়। পরে ফরেনসিক পরীক্ষার জন্য ফোন দুটি ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











