সখিপুর
,
সংবাদ দাতা
টাঙ্গাইল জেলার সখিপুর থানায় দায়ের করা ভাবীকে ধর্ষণের মামলার আসামি হাসেম সিকদার (২৩)-কে গ্রেপ্তার করেছে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় সখিপুর থানার তক্তারচলা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত হাসেম সিকদার ভুক্তভোগী নারীর সম্পর্কে দেবর। ভুক্তভোগী গত বছরের ১৮ ডিসেম্বর বাবার বাড়িতে বেড়াতে এসে একটি ওয়াজ মাহফিলে অংশ নেন। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্ত ব্যক্তি তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে পথিমধ্যে একটি বাগান এলাকায় নিয়ে গিয়ে জোরপূর্বক অপরাধ সংঘটিত করেন বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে।
ঘটনার পরদিন ১৯ ডিসেম্বর ভুক্তভোগী বাদী হয়ে সখিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা রুজুর পর র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে তৎপরতা চালায়।
পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সখিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।











