খবরবাংলা ডেস্ক :
সুনামগঞ্জে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় মৌসুমের সর্বোচ্চ ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে বন্যা পরিস্থিতির আশঙ্কা আরও বেড়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টায় সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বন্যাপূর্বাভাস সেল এ তথ্য জানিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে ভারতের মেঘালয়েও ভারী বৃষ্টিপাত হওয়ায় উজান থেকে নেমে আসা পানিতে নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. ইমদাদুল হক জানান, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি ৫১ সেন্টিমিটার বেড়ে ৭ দশমিক ২০ মিটার এবং ছাতক পয়েন্টে ৪৪ সেন্টিমিটার বেড়ে ৮ দশমিক ১৭ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে।
এদিকে লাউড়েরগড় পয়েন্টে ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেখানে নদীর পানি ১১৩ সেন্টিমিটার বেড়ে ৮ দশমিক ৫০ মিটার উচ্চতায় পৌঁছেছে।
এর আগে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছিল, আগামী তিন দিনের মধ্যে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।











