খবরবাংলা ডেস্ক :
নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬টি ঝুটের গুদামের মালামাল পুড়ে গেছে। রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার বিলাসনগর এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে কেউ হতাহত না হলেও বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিলাসনগর এলাকার একটি ঝুটের গুদামে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিবু মার্কেট, নারায়ণগঞ্জ ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
অগ্নিকাণ্ডে ২৬টি গুদামে থাকা ঝুটের কাপড়সহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
পুড়ে যাওয়া কয়েকটি গুদামের মালিক ইমরান হোসেন সাংবাদিকদের বলেন, রাতে হঠাৎ একটি গুদামে আগুন লাগে। পরে তা দ্রুত অন্য গুদামগুলোতে ছড়িয়ে পড়ে। গুদামগুলোর সব মালামাল পুড়ে গেছে বলে তিনি জানান। তাঁর দাবি, অগ্নিকাণ্ডে সব মিলিয়ে এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।
তবে আগুনে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মূল্যায়ন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তথ্য সূত্র : প্রথম আলো










