খবরবাংলা ডেস্ক :
কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোর অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বাবা ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ার।
শনিবার (২৬ সেপ্টেম্বর) কুমিল্লা সদর দক্ষিণ থানায় তিনি জিডি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, বিভিন্ন নম্বর থেকে অপ্রতিমের পরিবারকে হুমকি দেওয়ার বিষয়ে থানায় কোনো জিডি করা হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ফেক আইডি খুলে অপ্রতিম ও তার পরিবারকে নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগে তাঁর বাবা জিডি করেছেন।
অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, গতকাল একটি নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হয়েছিল। পরে নম্বরটি ব্লক করে দেওয়া হয়। অপপ্রচারের বিষয়েও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
এর আগে ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার কোটবাড়ি-গন্ধমতী এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি। ওই দিনই তার বাবা থানায় নিখোঁজের জিডি করেন। পরদিন ১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছের লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় অপ্রতিমের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশের প্রাথমিক ভাষ্য ছিল, অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে নির্জন এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে ফোনটি নেওয়ার সময় বাধা দিলে তাকে লাঠি দিয়ে আঘাত করা হয়। তবে মামলার তদন্ত এখনো চলছে। সম্প্রতি তদন্ত কর্মকর্তাও পরিবর্তন করা হয়েছে এবং অপ্রতিম হত্যার ঘটনায় অন্য কেউ জড়িত কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।
অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মা নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এবং বাবা ব্যবসায়ী।











