নেত্রকোনার মোহনগঞ্জে রাহিমা আক্তার (২৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মুনসুর মিয়ার (৩২) বিরুদ্ধে। এ ঘটনায় মুনসুর মিয়া ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জয়পুর গ্রামে। তবে বিষয়টি শনিবার (১৩ ডিসেম্বর) সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রাহিমা আক্তার স্থানীয় মো. আবুল হাশেমের মেয়ে। অভিযুক্ত স্বামী মুনসুর মিয়া ওই গ্রামের রঙ্গ মিয়ার ছেলে। তাদের দম্পতির আট ও তিন বছর বয়সী দুটি ছেলে রয়েছে।
রাহিমার বাবা আবুল হাশেম জানান, মুনসুর মিয়ার জুয়া খেলার অভ্যাস রয়েছে। জুয়ায় হেরে বাসায় এসে তিনি রাহিমাকে মারধর করতেন। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় জুয়ায় হেরে বাসায় এসে মুনসুর রাহিমাকে বেধড়ক মারধর করে। পরে রাহিমাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর মুনসুর ও তার পরিবারের লোকেরা লাশ রেখে পালিয়ে যায়।
পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান জানান, রাহিমার মুখ দিয়ে ফেনা বের হতে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি বিষপানও করতে পারেন। তবে এখনো কেউ থানায় অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিহত রাহিমার পরিবার হত্যার বিচার দাবিতে অবস্থান নিয়েছে। লাশ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।











