খবরবাংলা ডেস্ক :
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও তা নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে শিল্পাঞ্চলগুলোতে। গাজীপুর ও সাভারের কয়েকটি এলাকায় বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
পুলিশ জানায়, ন্যায্য মজুরির দাবিতে বুধবার সকাল ৮টার পর থেকে গাজীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস ও বড়বাড়িসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
এদিকে, মহাসড়কে দফায় দফায় অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অস্থিতিশীল পরিস্থিতির কারণে গাজীপুরের বেশ কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, সাভারের হেমায়েতপুর এলাকাতেও কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। তারা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে সেখানে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশের তথ্য অনুযায়ী, সাভার শিল্পাঞ্চলে ২০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আরও ১০টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে।
শিল্পাঞ্চলগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











