খবরবাংলা ডেস্ক :
রাজধানীর ৩০০ ফিট সড়কে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ডাকাতির একটি ভিডিও ও এ সংক্রান্ত দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে সংস্থাটি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অনলাইন সংবাদমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত ভিডিওতে ৩০০ ফিট সড়কে ডাকাতির যে দাবি করা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। এ ধরনের তথ্য প্রচারে জনমনে অযথা আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই এ বিষয়ে জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।
ডিএমপি আরও জানায়, কোনো ঘটনা সম্পর্কে প্রকৃত তথ্য যাচাই না করে চাঞ্চল্যকর শিরোনামে সংবাদ বা ভিডিও প্রচার করা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী। যেকোনো ঘটনা প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তথ্যের সত্যতা নিশ্চিত করা জরুরি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে অসমর্থিত ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
পাশাপাশি কোনো সন্দেহজনক ঘটনা বা অপরাধের তথ্য পেলে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইহীন তথ্য ছড়িয়ে না দিয়ে নিকটস্থ থানায় অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানানোর জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











