খবরবাংলা ডেস্ক :
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা দ্রুত প্রণয়নের সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিশেষ করে নারী শিক্ষকদের পারিবারিক ও সামাজিক ভোগান্তি বিবেচনায় নিয়ে জরুরি ভিত্তিতে একটি ‘নারী শিক্ষকবান্ধব’ বদলি নীতিমালা তৈরির তাগিদ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সংসদীয় স্থায়ী কমিটির এ সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।
কমিটির কার্যবিবরণী (রেজল্যুশন) সূত্রে জানা গেছে, বৈঠকে শিক্ষকদের বদলির বিষয়টি উত্থাপন করেন কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
এ সময় তিনি বলেন, নিজ জেলা থেকে অনেক দূরে কর্মস্থল হওয়া এবং বদলির সুযোগ না থাকায় অসংখ্য নারী শিক্ষক পারিবারিক সংকটে পড়েছেন। কর্মস্থলের সঙ্গে পরিবারের দূরত্বের কারণে অনেকের সংসার ভেঙেছে, বিবাহবিচ্ছেদ ঘটেছে। আবার কেউ কেউ বাধ্য হয়ে শিক্ষকতা পেশাও ছেড়ে দিয়েছেন।
এসব মানবিক ও সামাজিক বিষয় বিবেচনায় নিয়ে দ্রুত নারী শিক্ষকবান্ধব বদলি নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে এ বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অবস্থান জানতে চাওয়া হলে সংস্থাটির চেয়ারম্যান আলিফ রুদাবা জানান, শিক্ষকদের বদলির বিষয়টি এনটিআরসিএর এখতিয়ারভুক্ত নয়। এ কার্যক্রম পরিচালনা করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
অন্যদিকে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের কাজ বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, বদলি কার্যক্রম পরিচালনার জন্য মাউশি ইতিমধ্যে একটি সফটওয়্যার তৈরি করেছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া মাত্রই ওই সফটওয়্যারের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নীতিমালা অনুমোদিত হলে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বদলির সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টদের বক্তব্যে উঠে এসেছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











