খবরবাংলা ডেস্ক :
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর)। এদিন সন্ধ্যা ৭টায় ১১২ জন কর্মীকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বে প্রথম ফ্লাইট।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম ফ্লাইটের উদ্বোধন করবেন। প্রথম দফায় মালয়েশিয়ায় যাওয়া ১১২ জন কর্মী দেশটির আন্তর্জাতিক লজিস্টিকস প্রতিষ্ঠান ডিএইচএলে যোগ দেবেন।
এসব কর্মীর যাতায়াতসহ সব খরচ বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। ফলে কর্মীদের বিদেশে যেতে কোনো অর্থ ব্যয় করতে হবে না।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছিলেন, বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের মধ্যে এক হাজার কর্মী হবেন গুম-খুনের শিকার পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে অবদান রাখা ব্যক্তিদের মধ্য থেকে নির্বাচিত।
প্রথম ফ্লাইটের মাধ্যমে এ কর্মসূচির যাত্রা শুরু হচ্ছে। পর্যায়ক্রমে বাকি কর্মীদেরও মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











