খবরবাংলা ডেস্ক :
জনপ্রিয় অভিনেতা সোহেল খানকে শেষবারের মতো দেখতে তার পৈতৃক বাড়িতে ভিড় জমিয়েছেন শত শত মানুষ। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামে তার মরদেহ পৌঁছালে সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে আশপাশের কয়েকটি গ্রাম থেকেও ছুটে আসেন নানা বয়সী মানুষ।
বিকেল ৩টা ৫৩ মিনিটে অ্যাম্বুল্যান্সে করে সোহেল খানের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়। মরদেহবাহী গাড়িটি বাড়ির আঙিনায় প্রবেশ করতেই কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। বাড়ির সামনে আগে থেকেই অপেক্ষায় ছিলেন নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুসহ অসংখ্য মানুষ। স্বজন ও ভক্তদের কান্নায় ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ।
প্রিয় অভিনেতার স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। স্থানীয় বাসিন্দা মাসুদুর রহমান বলেন, ‘তিনি শুধু বড় পর্দার মানুষ ছিলেন না, ছিলেন আমাদের গ্রামের গর্ব। এলাকায় এলেই সবার সঙ্গে সাধারণ মানুষের মতো মিশতেন।’
‘নসীব’ সিনেমার প্রডাকশন ম্যানেজার শরিফুল ইসলাম জানান, অভিনয়ের টানে বুধবার বগুড়ায় গিয়েছিলেন সোহেল খান। সেখানে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়ে সহকর্মীদের হাসি-আনন্দে মাতিয়ে রেখেছিলেন তিনি। তবে মঙ্গলবার সকালে শুটিংয়ে অংশ নেওয়ার আগে হোটেল মম ইনের ফ্লোরে অসুস্থ হয়ে পড়ে যান এই অভিনেতা। পরে তাকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
সোহেল খানের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি তার নিজ এলাকা ধামরাইয়েও নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাদ মাগরিব রাজাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজাপুর কেন্দ্রীয় কবরস্থানে বাবার কবরের পাশেই তাকে দাফন করা হবে।
মৃত্যুকালে সোহেল খানের বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী আখি আক্তার, ছেলে সফল খান, মেয়ে বনানী আক্তার, ভাই ইবনে হাসান খান, চার বোনসহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্ত রেখে গেছেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ










