খবরবাংলা ডেস্ক :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছে ১৭ বছর বয়সী এক কিশোরী। মর্মান্তিক এ ঘটনায় মা ও মেয়ের দুজনেরই মৃত্যু হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের ৩ নম্বর হাউসনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের বকুল হোসেনের স্ত্রী মিলিয়ারা খাতুন (৪০) এবং তাঁর মেয়ে লিমা খাতুন (১৭)। লিমা স্থানীয় মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির পাশের টিন দিয়ে তৈরি নিজেদের মুদি দোকানের সামনের ঝাঁপ খুলতে যান মিলিয়ারা খাতুন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মাকে বিদ্যুতের সংস্পর্শ থেকে বাঁচাতে এগিয়ে গেলে মেয়ে লিমাও বিদ্যুতায়িত হয়।
পরে সকাল ৮টার দিকে স্থানীয়রা মা ও মেয়েকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বৃষ্টির কারণে টিনের দোকানটি পুরোপুরি বিদ্যুতায়িত হয়ে পড়েছিল। এ থেকেই দুর্ঘটনাটি ঘটে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ










