নিজস্ব প্রতিবেদক :
সরকারের ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন করা হলে দেশে মাছের উৎপাদন আরও সমৃদ্ধ হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু।
রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিশ্ব মৎস্য দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে মাছের চাহিদা ৪৯ লাখ মেট্রিক টন। বিপরীতে মাছের উৎপাদন ৫১ লাখ মেট্রিক টন। ফলে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত মাছ বিদেশে রপ্তানি করা হচ্ছে।
তিনি আরও বলেন, সরকারের ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি সম্পূর্ণভাবে বাস্তবায়িত হলে দেশের জলাশয় ও মৎস্য উৎপাদনের পরিবেশ আরও উন্নত হবে। এর ফলে মাছের উৎপাদন বাড়ার পাশাপাশি দেশের মৎস্য খাত আরও সমৃদ্ধ হবে।
এদিকে, ‘টেকসই মৎস্যখাতকে এগিয়ে নেওয়া, মৎস্যজীবীদের ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রসার’ প্রতিপাদ্য নিয়ে সারাদেশে পালিত হচ্ছে বিশ্ব মৎস্য দিবস ২০২৬।
দিবসটি উপলক্ষে মৎস্য খাতের উন্নয়ন, মৎস্যজীবীদের জীবনমান বৃদ্ধি এবং দেশের অর্থনীতিতে এ খাতের অবদান আরও জোরদার করার বিষয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।










