খবরবাংলা ডেস্ক :
সামুদ্রিক অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বর্তমানে অফশোর প্যাট্রল ভেসেল (ওপিভি) হিসেবে ব্যবহৃত জাহাজগুলো বঙ্গোপসাগরে বাংলাদেশের নজরদারি ও টহল কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে।
রোববার ইতালির কোস্ট গার্ডের কমান্ড্যান্ট অ্যাডমিরাল সারগিও লিয়ারদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইতালির বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা ও সক্ষমতা বৃদ্ধিতে দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ কোস্ট গার্ডের গভীর সমুদ্রে টহল সক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যে ভবিষ্যতে উপযুক্ত দেশ থেকে সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে অফশোর ও কোস্টাল প্যাট্রল ভেসেল সংগ্রহের বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ ছাড়া বাংলাদেশ ও ইতালির কোস্ট গার্ডের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাব্যতা নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ কোস্ট গার্ড সম্প্রতি দেশি ও সাতটি বন্ধুপ্রতিম দেশের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘ব্রাউন ওয়াটার অপারেশন (বিডব্লিউও) এবং মানবপাচার প্রতিরোধ (এএইচটি) কোর্স-২০২৬’ সফলভাবে সম্পন্ন করেছে। আগামী বছর আয়োজিত এ কোর্সে অংশ নিতে ইতালির কোস্ট গার্ডের কর্মকর্তাদের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে বলেও জানান তিনি।
এ সময় ইতালির কোস্ট গার্ডের কমান্ড্যান্ট বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারিত্বের প্রশংসা করেন। পাশাপাশি জলদস্যুতা দমনে ইতালির কোস্ট গার্ডের অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।
দুই দেশের কোস্ট গার্ড নিয়মিত যৌথ মহড়া, সেমিনার এবং পেশাদার অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি আয়োজনের মাধ্যমে পারস্পরিক আন্তঃকার্যক্ষমতা বাড়ানোর বিষয়েও একমত হয়েছে।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্ম সচিব রেবেকা খানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড ও ইতালীয় প্রতিনিধিদলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











