খবরবাংলা ডেস্ক :
ব্যাট হাতে ঝড় তোলার জন্য পরিচিত ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। তবে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে প্রত্যাশা অনুযায়ী রান পাচ্ছিলেন না তিনি। নিজের ব্যাটিং নিয়েও কিছুটা চিন্তিত ছিলেন এই তরুণ ক্রিকেটার। সেই সমস্যা কাটিয়ে উঠতে বাবা, কোচ ও বন্ধুদের পাশাপাশি কথা বলেছিলেন নিজের শৈশবের আদর্শ যুবরাজ সিংয়ের সঙ্গে। আর সেই আলোচনা থেকেই পেয়েছিলেন গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ, যার প্রতিফলন দেখা গেল মাঠে।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গতকাল যেন নতুন রূপে হাজির হন সূর্যবংশী। রাইজিং স্টারস এশিয়া কাপের ম্যাচে মাত্র ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন তিনি। তার বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ডবইয়ে একের পর এক নতুন অধ্যায় যুক্ত হয়েছে।
কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ম্যাচটিতে সূর্যবংশী ১৫টি চার ও ২৮টি ছক্কা হাঁকান। তার ব্যাটিংয়ের স্ট্রাইক রেট ছিল ৩৮৪.৯০। ২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ‘এ’ দল মাত্র ১৪.২ ওভারেই জয় নিশ্চিত করে।
এই ইনিংসের মধ্য দিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছেন সূর্যবংশী। একই সঙ্গে ভেঙেছেন দ্রুততম সেঞ্চুরি ও দেড়শ রানের রেকর্ড। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে ২৮টি ছক্কা মারার কীর্তিও এখন তার দখলে। এ ছাড়া এই সংস্করণে সেঞ্চুরি করা কোনো ইনিংসে এর আগে এত বেশি স্ট্রাইক রেট দেখা যায়নি।
তবে এমন বিধ্বংসী ইনিংসের আগে ভালো সময় পার করছিলেন না ১৪ বছর বয়সী এই ক্রিকেটার। সেপ্টেম্বরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ৪৫ রান করার পর আর কোনো ইনিংসে সেই রান ছুঁতে পারেননি তিনি। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বিহারের হয়ে একমাত্র ম্যাচে ১২ বলে করেন ১৮ রান। রাইজিং স্টারস এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে তার ব্যাট থেকে আসে যথাক্রমে ২৬ ও ১১ রান।
নিজের ব্যাটিংয়ের সমস্যা নিয়ে কথা বলতে চারজনের পরামর্শ নিয়েছিলেন সূর্যবংশী। তারা হলেন তার বাবা সঞ্জীব সূর্যবংশী, শৈশবের কোচ মনীশ ওঝা, বন্ধু প্রথম যাচক এবং ক্রিকেটের আদর্শ যুবরাজ সিং।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে যুবরাজের সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। সূর্যবংশী বলেন, ‘যুবরাজ স্যারের সঙ্গে প্রায় আধা ঘণ্টা কথা বলেছি। ব্যাটিং নিয়ে অনেক কিছু বুঝিয়েছেন তিনি। আমি খুব চাপে ছিলাম। ব্যাটিং করতে নামার সময় কী কী সমস্যায় পড়ছি, সেগুলো খোলাখুলি বলেছি। তিনি সবকিছু বুঝিয়ে দিয়েছেন।’
যুবরাজের দেওয়া একটি পরামর্শ বিশেষভাবে কাজে এসেছে বলে জানান এই তরুণ ব্যাটার। তার ভাষায়, ‘তিনি মূলত বলেছেন, তুমি যদি ২০ বলও ব্যাট করো, দলের স্কোর অনেক বদলে যাবে। ব্যাটিংয়ের কৌশল নিয়েও অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সবকিছুই আমাকে সাহায্য করেছে।’
পরামর্শ পাওয়ার পর নিজের ব্যাটিংয়ের ভিডিও বিশ্লেষণ করেন সূর্যবংশী। সেখানে ভুলগুলো চিহ্নিত করে সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেন। যুবরাজকে নিজের আদর্শ উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি আমার আদর্শ। নিজের আদর্শের সঙ্গে কথা বললে তার কথা মনোযোগ দিয়ে শোনা উচিত। আমি সেটাই করেছি। তিনি আমার ব্যাটিংয়ের নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। পরে নিজের ব্যাটিংয়ের ভিডিও দেখে বুঝতে পেরেছি, কোথায় ভুল করছিলাম। পরদিন সেটি শুধরে নেওয়ার চেষ্টা করেছি। তার কথা মেনে খেলেছি, যা আমাকে সাহায্য করেছে।’
তবে যুবরাজের পরামর্শের পাশাপাশি পরিস্থিতি বুঝে খেলার ধরন পরিবর্তনের সিদ্ধান্তও বড় ভূমিকা রেখেছে এই ইনিংসে। আগের দুই ম্যাচে লম্বা সংস্করণের ক্রিকেটের মতো ব্যাটিং করার চেষ্টা করেছিলেন সূর্যবংশী। আমিরাতের বিপক্ষেও শুরুতে একই পরিকল্পনা ছিল তার। কিন্তু উইকেটের আচরণ বুঝে দ্রুত সিদ্ধান্ত বদলে ফেলেন তিনি।
এ প্রসঙ্গে সূর্যবংশী জানান, পিচ দেখে তার মনে হয়েছিল বোলাররা খুব বেশি সুবিধা পাবেন না। ফলে নিজের স্বাভাবিক আক্রমণাত্মক ব্যাটিংয়ের ওপরই আস্থা রাখেন তিনি।
তার কথায়, ‘আইপিএলের পর বলেছিলাম, আমি তিন সংস্করণেই খেলতে পারি। পরিস্থিতি অনুযায়ী নিজের খেলার ধরন বদলানোর নিয়ন্ত্রণ আমার আছে। আগের দুই ম্যাচে লম্বা সংস্করণের ক্রিকেটের মতো খেলার চেষ্টা করছিলাম। আজও (গতকালও) একই মানসিকতা ছিল। কিন্তু পিচ দেখে মনে হলো, বোলাররা খুব বেশি সুবিধা পাবে না। আমি শট খেললে বল ব্যাটে ভালো আসছিল। তাই নিজের শক্তির ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নিই।’
যুবরাজের পরামর্শ, নিজের ভুল বিশ্লেষণ এবং পরিস্থিতি অনুযায়ী খেলার ধরন বদলানোর সমন্বয়েই যেন ফিরে পেলেন নিজের বিধ্বংসী রূপ। আর সেই প্রত্যাবর্তনেই ৫৩ বলে ২০৪ রানের ঐতিহাসিক ইনিংস উপহার দিলেন বৈভব সূর্যবংশী।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











