খবরবাংলা
,
ডেস্ক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজের আর্থিক অবস্থার বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
হলফনামার তথ্য অনুযায়ী, সারজিস আলমের নামে কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট, ভবন কিংবা গাড়ি নেই। বর্তমানে তাঁর হাতে নগদ অর্থ রয়েছে ৩ লাখ ১১ হাজার ১২৮ টাকা। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ১ লাখ টাকা।
হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, তাঁর মালিকানায় ১৬ দশমিক ৫০ শতক কৃষিজমি রয়েছে, যা তিনি দান হিসেবে পেয়েছেন। জমিটি অর্জনের সময় এর মূল্য ছিল ৭ হাজার ৫০০ টাকা হলেও বর্তমানে এর আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৫ লাখ টাকা।
ব্যবসা খাত থেকে বছরে তাঁর আয় দেখানো হয়েছে ৯ লাখ টাকা। শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রিধারী বলে উল্লেখ করেছেন।
হলফনামা অনুযায়ী, সারজিস আলমের নামে একটি মামলা রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন। তবে তাঁর নামে কোনো বন্ড, ঋণপত্র বা শেয়ারবাজারে তালিকাভুক্ত শেয়ার নেই। আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে ৭৫ হাজার টাকা এবং ইলেকট্রনিক সামগ্রীর মূল্যও ৭৫ হাজার টাকা।
এছাড়া তাঁর কোনো আগ্নেয়াস্ত্র নেই বলেও হলফনামায় উল্লেখ করা হয়েছে।
২০২৫–২৬ অর্থবছরের আয়কর রিটার্নে সারজিস আলম মোট আয় দেখিয়েছেন ২৮ লাখ ৫ হাজার টাকা। আয়কর নথি অনুযায়ী, তাঁর মোট সম্পদের মূল্য ৩৩ লাখ ৭৩ হাজার ৬২৮ টাকা। এর বিপরীতে তিনি আয়কর পরিশোধ করেছেন ৫২ হাজার ৫০০ টাকা।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











