আগামী ২০২৭ সালের মার্চের মধ্যে ইরানের অর্থনীতি ২৫ শতাংশের বেশি সংকুচিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তাঁর দাবি, দেশটিতে বৈদেশিক মুদ্রার সংকট তীব্র হচ্ছে, তেল উৎপাদন কমতে শুরু করেছে এবং আসন্ন শীত মৌসুমে বড় ধরনের জ্বালানিসংকট দেখা দিতে পারে।
এ পরিস্থিতিতে ইরানিদের আগেভাগেই পেট্রল ও ঘর গরম রাখার জ্বালানি মজুত করার পরামর্শ দিয়েছেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) ইরান ইন্টারন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ওয়াশিংটনের ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর আওতায় আগামী আট সপ্তাহে ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানো হবে। তাঁর মতে, এই চাপের ফলে দেশটির অর্থনীতি এমন সংকোচনের মুখে পড়তে পারে, যা সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেখা দেওয়া অর্থনৈতিক সংকোচনকেও ছাড়িয়ে যাবে।
ইরানি সাংবাদিক কামবিজ তাভানার সঙ্গে আলাপকালে বেসেন্ট বলেন, ২০২৬ সালের মার্চ থেকে ২০২৭ সালের মার্চ পর্যন্ত ইরানের অর্থনীতি ২৫ শতাংশের বেশি সংকুচিত হতে পারে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশটির অর্থনীতি যতটা সংকুচিত হয়েছিল, সম্ভাব্য এই সংকোচন তার চেয়েও বেশি হবে বলে দাবি করেন তিনি।
মার্কিন অর্থমন্ত্রী দাবি করেন, ওয়াশিংটনের এই অভিযান ইরানের সাধারণ জনগণের পরিবর্তে দেশটির নেতৃত্বকে চাপে ফেলার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তবে একই সঙ্গে আসন্ন শীতে জ্বালানিসংকটের বিষয়ে সতর্ক করেন তিনি।
ইরানের জনগণকে উদ্দেশ করে বেসেন্ট বলেন, সরকারের কাছ থেকে কোনো সুবিধা না পেলে কর দেওয়া থেকে বিরত থাকার কথা বিবেচনা করা উচিত। পাশাপাশি ঘর গরম রাখার জ্বালানি মজুত এবং গাড়ির ট্যাংক আগেভাগেই পেট্রলে পূর্ণ রাখার পরামর্শ দেন তিনি।
সাধারণ ইরানিদের ওপর অর্থনৈতিক চাপের প্রভাব সম্পর্কে জানতে চাইলে বেসেন্ট বলেন, খাদ্য ও ওষুধ আমদানির জন্য মানবিক সহায়তার পথ এখনো খোলা রয়েছে। তবে আমদানি ব্যয় মেটানোর মতো পর্যাপ্ত ডলার ইরান সরকারের হাতে আর থাকছে না বলে দাবি করেন তিনি।
তাঁর অভিযোগ, ইরান সরকার অর্থ ছাপিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি সরকারি কর্মীদের বেতন পরিশোধে ব্যর্থ হচ্ছে এবং সামাজিক সুবিধা কমানোর ধারাবাহিকতা বজায় রাখবে।
বেসেন্টের মতে, অর্থনৈতিক চাপ ইরানের রাজনীতিবিদ, ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) এবং দেশটির সর্বোচ্চ নেতার মধ্যে মতবিরোধ আরও স্পষ্ট করে তুলছে।
আইআরজিসির কয়েকজন কমান্ডারকে সাধারণ জনগণ থেকে বিচ্ছিন্ন উল্লেখ করে তিনি দাবি করেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি কতটা খারাপ হয়েছে, সে সম্পর্কে তাঁদের যথেষ্ট ধারণা নেই।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দুই দফা যুদ্ধ, ইরানের তেল রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া মার্কিন নৌ অবরোধ এবং দেশটির বৈদেশিক মুদ্রা আয়ের অবশিষ্ট উৎসগুলোকে লক্ষ্য করে সম্প্রসারিত নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি ক্রমেই চাপে পড়ছে বলে উল্লেখ করেন বেসেন্ট।
তিনি বলেন, তেল আবিষ্কারের পর সম্ভবত এই প্রথম ইরানের সমুদ্রে রপ্তানির অপেক্ষায় কোনো তেল নেই। খার্গ দ্বীপে তেল বোঝাইয়ের কার্যক্রম বন্ধ রয়েছে এবং উৎপাদনও কমতে শুরু করেছে।
ইরানের তেল রপ্তানির ক্ষেত্রে খার্গ দ্বীপ গুরুত্বপূর্ণ কেন্দ্র। ফলে সেখানে তেল বোঝাই বন্ধ থাকার বিষয়টিকে দেশটির জ্বালানি খাতের ওপর চাপের বড় উদাহরণ হিসেবে তুলে ধরেন মার্কিন অর্থমন্ত্রী।
বেসেন্ট জানান, ইরানের ওপর আট সপ্তাহ ধরে অভিযান চালানো হচ্ছে। আগামী আট সপ্তাহে পরিস্থিতি আরও তীব্র হবে বলে আশঙ্কা করছেন তিনি।
ইরানের সঙ্গে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র এখনো প্রস্তুত বলে জানান বেসেন্ট। তবে তেহরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থায়ন বন্ধ করতে হবে বলে জোর দেন তিনি।
এদিকে, সাম্প্রতিক দিনগুলোতে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতা বেড়েছে। রোববার কাতারের মধ্যস্থতাকারীরা তেহরান সফর করেন। এরপর সোমবার সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তারা উত্তেজনা কমানো এবং আলোচনার পথ পুনরুজ্জীবিত করার লক্ষ্যে তৎপরতা চালান।
তবে অর্থনৈতিক চাপ বাড়লেও নিজেদের মূল দাবিগুলো থেকে সরে আসার তেমন কোনো ইঙ্গিত দেয়নি তেহরান। ইরানি কর্মকর্তাদের বক্তব্য, যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের শর্ত পূরণ করতে হবে। এসব শর্তের মধ্যে রয়েছে নৌ অবরোধ প্রত্যাহার।
তথ্য সূত্র : যমুনা টিভি











