পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি আগামীকাল বুধবার দুপুর নাগাদ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৬টার দিকে এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থান করছিল।
ওই সময় ঘূর্ণিঝড়টির কেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।
এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।
ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিয়া মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে বলেন, পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকাসহ উপকূলীয় এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজধানী ঢাকায় বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি।
এদিকে ঘূর্ণিঝড় সৃষ্টির আগে সোমবার দেশের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ওই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চট্টগ্রামের আমবাগানে, ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ আবদুল হামিদ মিয়া বলেন, ঘূর্ণিঝড় সৃষ্টির আগে বাতাস সমুদ্রের দিকে প্রবাহিত হওয়ায় ঠান্ডা বাতাসের প্রভাব কমে যায় এবং আবহাওয়ায় ভ্যাপসা ভাব তৈরি হয়। এ কারণে গরম বেশি অনুভূত হয়েছে। তবে বৃষ্টির পর বুধবার তাপমাত্রা কমতে পারে।
তথ্য সূত্র : প্রথম আলো











