খবর বাংলা ডেস্ক :
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কক্ষে অনুমতি ছাড়া অবকাঠামোগত পরিবর্তন আনার অভিযোগে সহকারী সার্জন ডা. সামিউর রশিদ রিফাতকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার হাসপাতালের পরিচালক আব্দুল কুদ্দুছ এ নোটিশ জারি করেন। নোটিশে বলা হয়, কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই হাসপাতালের জরুরি বিভাগের স্থায়ী স্থাপনায় বিভিন্ন কক্ষের দেয়াল ও অবকাঠামোতে পরিবর্তন আনা হয়েছে, যা নিয়মবহির্ভূত।
হাসপাতালের পরিচালক আব্দুল কুদ্দুছ জানান, ডা. সামিউর রশিদ রিফাত জরুরি ও দুর্ঘটনা বিভাগে দায়িত্ব পালন করতেন। তিনি যে কক্ষে বসতেন, সেটি বাসাবাড়ির মতো সাজিয়েছেন। সেখানে সোফা, কার্পেটসহ নানা আসবাবপত্র স্থাপন করা হয়েছে। এছাড়া দেয়ালে টাইলস বসানো এবং কক্ষের দরজায় বাহ্যিক পরিবর্তন আনা হয়েছে।
তিনি আরও বলেন, বিষয়টি জানতে পেরে রোববার হাসপাতালের উপপরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি বিভাগ পরিদর্শন করা হয়। এ সময় অনুমতি ছাড়া এ ধরনের পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট চিকিৎসকের আচরণ অনাকাঙ্ক্ষিত ছিল।
এ ঘটনার পর ডা. সামিউর রশিদ রিফাতকে জরুরি বিভাগ থেকে সার্জারি অন্তর্বিভাগ-২ এ দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে ডা. সামিউর রশিদ রিফাত বলেন, রোগী ও স্বজনদের স্বস্তির কথা চিন্তা করেই জরুরি বিভাগের কক্ষে কিছু সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছিল। তবে কর্তৃপক্ষের অনুমতি নেওয়া উচিত ছিল বলে তিনি স্বীকার করেন। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব দেবেন।











