খবরবাংলা ডেস্ক :
বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ, অনিয়ম ও কর্তৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধে প্রতিবাদ করে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান বীরত্বের প্রমাণ দিয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, আখতারুজ্জামান কার্যত ভুক্তভোগী যাত্রী সাধারণ, বিশেষ করে বিদেশফেরত প্রবাসীদের প্রতিবাদের কণ্ঠে পরিণত হয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি ভুক্তভোগী মানুষের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন বলেও মন্তব্য করেন জামায়াত আমির।
রোববার (৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
‘কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়’ উল্লেখ করে তিনি বলেন, বিমানবন্দরে যাত্রী সাধারণের দুর্ভোগ-ভোগান্তি, কর্তৃপক্ষের উদাসীনতা, অনিয়ম ও অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে আখতারুজ্জামান আওয়াজ তুলেছেন।
শফিকুর রহমানের দাবি, এসব অভিযোগের দুর্বলতা সংশোধনের পরিবর্তে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে দুইবারের সাবেক সংসদ সদস্য ও একজন বীর মুক্তিযোদ্ধাকে জনসম্মুখে অপমানিত করার নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণ সবকিছু দেখছে। আল্লাহ তায়ালা আখতারুজ্জামানের সম্মান বৃদ্ধি করুন—এমন প্রার্থনাও করেন জামায়াত আমির।
উল্লেখ্য, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বপালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলায় আখতারুজ্জামানের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো আদালতে বিচারাধীন। অন্যদিকে জামায়াতে ইসলামী শুরু থেকেই অভিযোগগুলো অস্বীকার করে তার মুক্তি দাবি করে আসছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











