খবরবাংলা ডেস্ক :
মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা শুধু শহরকেন্দ্রিক না রেখে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। এই পদক্ষেপের অংশ হিসেবে আগামী অক্টোবরেই কুমিল্লা, বরিশাল, খুলনা, রংপুর ও রাজশাহীতে শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল চালু করা হবে।
আজ শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল’-এর সম্প্রসারিত ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠান শেষে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন।
সবার জন্য সহজলভ্য চিকিৎসা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “স্বাস্থ্যসেবা শুধু মানুষের মৌলিক অধিকার নয়, এটি দেশের অর্থনৈতিক ও সামগ্রিক উন্নয়নের অন্যতম চাবিকাঠি। সবার জন্য সহজলভ্য ও সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি।”
তিনি আরও উল্লেখ করেন যে, উন্নত চিকিৎসা কেবল বিত্তশালীদের মধ্যে সীমাবদ্ধ থাকলে তাকে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা বলা যায় না। একই সাথে রোগীদের প্রতি চিকিৎসকদের আরও সহানুভূতিশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
রেফারেল ব্যবস্থা ও আস্থা অর্জন তারেক রহমান বলেন, চিকিৎসক, রোগী ও স্বজনদের মধ্যে পারস্পরিক আস্থার অভাব বা নিরাপত্তাহীনতা তৈরি হলে সরকারের কোনো উন্নয়ন উদ্যোগই কাঙ্ক্ষিত সুফল দিতে পারবে না।
ই-হেলথ সুবিধা: গ্রাম ও প্রান্তিক অঞ্চলের রোগীদের অতিরিক্ত অর্থ খরচ করে যেন বারবার ঢাকায় আসতে না হয়, সে লক্ষ্যে ‘ই-হেলথ কার্ড’-এর মাধ্যমে একটি কার্যকর ও আধুনিক রেফারেল ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।
তথ্য সূত্র : যমুনা টিভি











