খবরবাংলা ডেস্ক :
আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ শেষে রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করেন জোটের নেতাকর্মীরা।
উদ্বোধনী সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতারা বক্তব্য দেন। এতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ জোটের বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে সকাল ৮টার দিকে লংমার্চের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
নেতৃবৃন্দ বলেন, কর্মসূচিতে কোনো বাধা এলে তা উপেক্ষা করে লংমার্চ সফল করা হবে। একই সঙ্গে নেতাকর্মীদের কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানানো হয়।
১১ দলীয় ঐক্যের ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।
লংমার্চের পথে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও রংপুরে সাতটি জনসভা এবং পাঁচটি পথসভা করার কর্মসূচি রয়েছে। সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে রংপুর জিলা স্কুল মাঠে।
এদিকে উদ্বোধনী সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, দাবিগুলো যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে। তিনি সরকারের প্রতি জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
তথ্য সূত্র : যমুনা টিভি











