খবরবাংলা ডেস্ক :
২০২৬ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে রেফারিং নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তিনি বলেছেন, ফাইনালে দায়িত্বে থাকা রেফারিকে খেলার নিয়ম কঠোরভাবে প্রয়োগ করতে হবে এবং কোনো ধরনের শিথিলতা দেখানো উচিত নয়।
রোববার (১৯ জুলাই) নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করবেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত-কে দেওয়া এক সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, “রেফারি কোনোভাবেই শিথিলতা দেখাতে পারেন না কিংবা নিয়মের সীমা অতিক্রমের সুযোগ দিতে পারেন না। ফুটবলের বৈধতার সীমারেখা অবশ্যই বজায় রাখতে হবে।”
বিশ্বকাপে আর্জেন্টিনার কয়েকটি ম্যাচে রেফারিং নিয়ে বিতর্কের পরই স্পেন কোচের এমন মন্তব্য আসে। শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে হারের পর মিসরের কোচ হোসাম হাসান ও খেলোয়াড় মোস্তাফা জিকো রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছিলেন। পরে মিসর ফুটবল কর্তৃপক্ষ ফিফার কাছেও আনুষ্ঠানিক অভিযোগ জানায়।
তবে রেফারিদের প্রতি নিজের আস্থার কথাও জানিয়েছেন স্পেন কোচ। তিনি বলেন, “রেফারিদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। একই সঙ্গে আমরা জানি, এমন বড় ম্যাচে কীভাবে খেলতে হয়।”
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির সাবেক প্রশিক্ষক দে লা ফুয়েন্তে মনে করেন, ফাইনালে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে নিজেদের ফুটবল দর্শন ধরে রাখা।
তিনি বলেন, “আর্জেন্টিনা তাদের মতো খেলবে, কিন্তু আমাদের মনোযোগ থাকবে নিজেদের খেলায়। আমরা যদি আমাদের ফুটবল দর্শন থেকে সরে যাই, তাহলে সমস্যায় পড়তে হবে। আমরা নিজেদের পরিকল্পনা ও খেলার ধরণেই অটল থাকতে চাই।”
তথ্য সূত্র : প্রথম আলো











