খবর বাংলা ডেস্ক :
ঢাবিতে বিপ্লবী ছাত্র মৈত্রীর বিক্ষোভ সমাবেশ, সারা দেশে তিন শতাধিক শিশুর মৃত্যুর অভিযোগ সারা দেশে হামের প্রাদুর্ভাবে অন্তত তিন শতাধিক শিশুর মৃত্যুর অভিযোগ তুলে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা Muhammad Yunus ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিচারের দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র মৈত্রী। একই সঙ্গে হামকে ‘মহামারি’ ঘোষণা করে তা প্রতিরোধে জরুরি ও সর্বাত্মক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বুধবার (৬ মে) বিকেলে রাজু ভাস্কর্য–এর পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনটির নেতারা এসব দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, হামের বিস্তার নিয়ন্ত্রণে সাবেক প্রশাসনের চরম ব্যর্থতা ছিল।
সংগঠনটির সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, ‘অন্তর্বর্তী সরকার নিজেদের মুনাফার জন্য শিশুদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এ ঘটনার কঠোর বিচার হওয়া উচিত।’ তিনি দাবি করেন, দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮ জেলায় হামের প্রকোপ দেখা দিয়েছে। হামকে মহামারি ঘোষণা করে সর্বাত্মক প্রতিরোধ ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ‘হামের এই প্রকোপের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না অন্তর্বর্তী সরকারের সময়ে দেখা গেছে, না বর্তমান সরকারের সময় দেখা যাচ্ছে। বরং মনে হচ্ছে, তারা অপেক্ষা করছে আর কত প্রাণ ঝরে যাবে।’
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রিয়াদ অভিযোগ করেন, ‘বাংলাদেশে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে তিন শতাধিক শিশু হাসপাতালে মারা গেছে।’ তিনি বলেন, ‘শিশুদের অভিভাবকদের আহাজারির সময় সাবেক প্রধান উপদেষ্টা ইউনূস বিদেশ সফরে ছিলেন।’
সংগঠনটির সভাপতি দিলীপ রায় বলেন, ‘হামের এই সংকট প্রাকৃতিক নয়, এটি মানবসৃষ্ট।’ তিনি সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











