টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কাজিপাড়া এলাকায় ঈদের নামাজের টাকা তোলা নিয়ে ঈদগাঁ মাঠে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের জামাত আয়োজনকে কেন্দ্র করে টাকা তোলাকে ঘিরে পূর্ব বিরোধ ছিল। এর জেরে শনিবার সকালে ঈদের জামাতের পর উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়ে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে এক পর্যায়ে এক পক্ষ অপর পক্ষকে পাশের পুকুরের পানিতে চোবাতে দেখা যায় ওই ভিডিওতে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, যেহেতু এলাকার বিষয়। তাই স্থানীয়ভাবে মীমাংসা করা হয়ে গেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তবে এবিষয়ে থানায় কেউ কোন লিখিত অভিযোগ করেনি বা মৌখিকভাবেও জানায়নি বলে জানান কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক ই আজম। তিনি মুঠোফোনে আরো জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণ করা হবে।











