খবর বাংলা ডেস্ক :
রাজধানীর উত্তরায় বাবার সামনে থেকে তুলে নেওয়া উত্তরা গার্লস স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনায় জড়িত মূলহোতা লামীন ইসলামকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১ মে) দুপুরে গাজীপুরের পূবাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। লামীন গাজীপুরের কালীগঞ্জ থানার রায়েরদিয়া (উলুখোলা) এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গত ২২ এপ্রিল পরীক্ষা শেষে মেয়েকে নিয়ে বাসায় ফেরার পথে উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়ক থেকে কয়েকজন যুবক জোরপূর্বক তাকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার পর তদন্তে নেমে পুলিশ শুক্রবার পূবাইলের কালু মার্কেট এলাকা থেকে লামীনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











