খবরবাংলা ডেস্ক :
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ফলাফলের ঘাটতি কাটিয়ে আগামী বছরগুলোতে ভালো ফল নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো কাজ করবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) সকালে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি বলেন, ফলাফলের যে ঘাটতি রয়েছে, তা কীভাবে কাটিয়ে ওঠা যায়, সে বিষয়ে মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো চেষ্টা চালিয়ে যাবে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এ ঘাটতি পূরণের জন্য আমরা অভিভাবকদের প্রতি আহ্বান জানাব এবং শিক্ষকদের আহ্বান জানাব—আগামী দিনে যেন রেজাল্ট সুন্দর হয়।’
তিনি আরও জানান, উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য ১ নভেম্বর থেকে আবেদন করা যাবে। শিক্ষার্থীদের উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন হয়েছে কি না, তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হবে।
এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, গত এসএসসি পরীক্ষায় পুনর্মূল্যায়নের পর ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। এবারও উত্তরপত্র পুনর্মূল্যায়নের ব্যবস্থা নেওয়া হবে। কেউ যেন অবমূল্যায়নের শিকার না হন, সেদিকে লক্ষ্য রেখে কাজ করা হবে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। পরীক্ষায় মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।











