খবর বাংলা ডেস্ক :
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং এক সরকারি কর্মকর্তার কাছ থেকে প্রত্যাশিত সাড়া না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-১০ আসনের বিএনপির সংসদ সদস্য মোবাশ্বের ভূঁইয়া। ডিআইজিকে ফোন ও মেসেজ দেওয়ার সাত দিন পরও কোনো প্রতিউত্তর না পাওয়ার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার বক্তব্য ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
রোববার (১৮ মে) নিজের ফেসবুক পোস্টে এমপি মোবাশ্বের ভূঁইয়া লেখেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো নির্দেশনা আছে কি না— যাতে এমপিদের গুরুত্ব না দেওয়া হয়— তা নিয়ে তার প্রশ্ন তৈরি হয়েছে। একটি সরকারি দপ্তরের কর্মকর্তার সঙ্গে ফায়ার সার্ভিস সংক্রান্ত বিষয়ে আলাপকালে ওই কর্মকর্তা নির্বাচনী এলাকার কিছু সিনিয়র কর্মকর্তার কথাও শুনতে হয় বলে মন্তব্য করেন, যা তাকে বিস্মিত করেছে বলে জানান তিনি।
পোস্টে তিনি অভিযোগ করেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে নিজের মোবাইল নম্বর থেকে কল ও মেসেজ দেওয়ার পরও সাত দিন পার হলেও তিনি কোনো জবাব দেননি। জনগণের কল্যাণে কাজ করতে গিয়ে নিজেকে ছোট হতে হয় বলেও উল্লেখ করেন এমপি। একইসঙ্গে তিনি জানান, ভোটারদের প্রতি দায়বদ্ধতা থেকেই এলাকার উন্নয়নে কাজ চালিয়ে যাবেন।
পরে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে মোবাশ্বের ভূঁইয়া বলেন, ফায়ার সার্ভিস সংক্রান্ত বিষয়ে কথা বলতে গিয়ে এক কর্মকর্তার আচরণে তিনি হতাশ হয়েছেন। তার দাবি, ওই কর্মকর্তা নির্বাচনী এলাকার এক সাবেক প্রভাবশালী ব্যক্তির প্রসঙ্গ টেনে মন্তব্য করেন, যা তার কাছে অগ্রহণযোগ্য মনে হয়েছে।
ডিআইজির বিষয়ে এমপি বলেন, ঢাকায় সাক্ষাতের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সহযোগিতার প্রয়োজনীয়তার কথা জানানো হয়েছিল। এরপর ফোন ও বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে তিনি মনে করেন, সংশ্লিষ্ট কর্মকর্তা হয়তো ব্যস্ত ছিলেন এবং পরে যোগাযোগ করতে পারেন।
এ বিষয়ে বক্তব্য জানতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











