মধুপুর সংবাদ দাতা
কম্বোডিয়ায় ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ১৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর নির্যাতনের ঘটনায় টাঙ্গাইলের এক যুবকের মৃত্যুর মামলার মূলহোতা সেলিম রানাকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে র্যাব-১৪ সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার শামসুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (৭ জুলাই) রাতে র্যাব-১৪ ও র্যাব-১০-এর যৌথ অভিযানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা এলাকার বাসিন্দা নজর আলীর ছেলে রাজু মিয়া (২০) এবং তার ভাতিজা রানা হামিদকে (২৫) কম্বোডিয়ায় ভালো চাকরির আশ্বাস দেন সেলিম রানাসহ একটি চক্র। গত বছরের ৩ জানুয়ারি নজর আলীর বাড়ি থেকে নগদ ১৪ লাখ টাকা নেওয়ার পর তাদের ট্যুরিস্ট ভিসায় কম্বোডিয়ায় পাঠানো হয়।
কম্বোডিয়ায় পৌঁছে তারা জানতে পারেন, চাকরির নামে প্রতারণার শিকার হয়েছেন। সেখানে কোনো কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করতে থাকেন। একপর্যায়ে অভিযুক্তরা তাদের পাসপোর্ট কেড়ে নেয় এবং শারীরিক নির্যাতন চালায়। নির্যাতনের একপর্যায়ে রাজু মিয়ার মৃত্যু হয় বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় চলতি বছরের ৬ জুন রাজু মিয়ার বাবা নজর আলী বাদী হয়ে টাঙ্গাইলের মির্জাপুর থানায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর র্যাব ছায়াতদন্ত শুরু করে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায়।
এর ধারাবাহিকতায় সোমবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে সেলিম রানাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে।











