খবরবাংলা ডেস্ক :
চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আগ্রাবাদে একটি বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসটি যাত্রী নিয়ে কক্সবাজারের ঈদগাহের দিকে যাচ্ছিল। পথে শিকলবাহা চৌমুহনী এলাকায় ইউটার্ন নেওয়া একটি কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরও বেশ কয়েকজন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। ফলে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় চারজনে। আহত অন্তত ১১ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
দুর্ঘটনার পর পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করেছে। তবে এর চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার কারণ ও দায় নির্ধারণে পুলিশ বিষয়টি তদন্ত করছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











