কালিহাতী সংবাদ দাতা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে নির্মিত একটি মাটির রাস্তা কেটে দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (১১ মে) বিকেলে পৌলি ব্রিজ সংলগ্ন মহেলা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত ওই রাস্তা অপসারণ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বালু উত্তোলন ও পরিবহনের কাজে ব্যবহারের জন্য মাটির রাস্তাটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি এবং কালিহাতী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।











