কালিহাতী সংবাদ দাতা
টাঙ্গাইলের কালিহাতীতে জমির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবদল নেতা শাহ আলম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর মধ্যপাড়া গ্রামের আলী আজগরের ছেলে এবং ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন।
গত সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলার রামদেবপুর উত্তরপাড়া এলাকার একটি আকাশমনি বাগানে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নবা সুতার ও বাদশা মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির পানিতে এক পক্ষের বাড়ির মাটি অন্য পক্ষের জমিতে পড়াকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয়পক্ষের কয়েকজন আহত হন, গুরুতর আহত হন শাহ আলম।
পরিবারের সদস্যরা জানান, আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় বাংলাদেশ মেডিকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তার মৃত্যু হয়।
বুধবার সকালে মরদেহ বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। কালিহাতী থানার ওসি (তদন্ত) আব্দুস ছালাম জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।











