কালিহাতী সংবাদ দাতা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ফসলের মাঠে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের বাঁশের খুঁটির সংস্পর্শে এসে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকালে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-ভেংলা গ্রামের চকে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় একটি ভেঙে যাওয়া কাঠের বিদ্যুৎ খুঁটির পরিবর্তে দীর্ঘদিন ধরে অস্থায়ীভাবে একটি বাঁশের খুঁটি ব্যবহার করা হচ্ছিল। বুধবার সকালে ওই বাঁশের খুঁটিতে বিদ্যুৎ প্রবাহিত হলে মাঠে ঘাস খেতে যাওয়া পাঁচটি গরু তার সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই গরুগুলো মারা যায়।
তবে স্থানীয়দের দ্রুত সতর্কতার কারণে মাঠে থাকা আরও কয়েকটি গরুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ এই খুঁটিটি অপসারণ বা মেরামতের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
এ বিষয়ে কালিহাতী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান সুমন বলেন, ঘটনাটি তাদের নজরে এসেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম তৌফিক আজম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।











