কালিহাতী সংবাদ দাতা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মহেলা এলাকায় লৌহজং নদীতে ভাঙন দেখা দিয়েছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং বসতবাড়ি ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন। তিনি সরেজমিনে পরিস্থিতি ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।
এ সময় স্থানীয়রা দ্রুত ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তাদের অভিযোগ, ভাঙন অব্যাহত থাকলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।
পরিদর্শনকালে সংসদ সদস্য লুৎফর রহমান মতিন পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন। তিনি বলেন, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ শুরু করতে হবে, যাতে মানুষের ঘরবাড়ি ও কৃষিজমি রক্ষা করা সম্ভব হয়।
এ সময় বিএনপি নেতা মোজাম্মেল হক হিরো, এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা শাফি খান, বিএনপি নেতা আব্দুল বারেক, শরিফ মোল্লা ও মোফাজ্জল মোল্লাসহ স্থানীয় জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।











