গোপালপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের গোপালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৫০) নামে এক প্রবাস ফেরত ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বনমালী গ্রামের জোয়াদ আলী সরকারের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি গোপালপুর পৌর শহরের নিজ বাসায় বিদ্যুৎ সংযোগ মেরামতের সময় তিনি বিদ্যুতায়িত হন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে প্রথমে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট–এ ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গোপালপুর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।











