গোপালপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের গোপালপুর থানার আঃ বাছেদ (৬০) হত্যা মামলার অন্যতম আসামি মোঃ সুমন (২৬) র্যাবের অভিযানে গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন লেকের পাড়া এলাকা থেকে র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল তাকে গ্রেফতার করে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ ফেব্রুয়ারি আঃ বাছেদ আলমনগর বাজার থেকে বাড়ি ফেরার পথে যুগিপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোঃ সুমনসহ অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করে। আঃ বাছেদকে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা এগিয়ে আসার কারণে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে আঃ বাছেদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুর পর তার মেয়ে মোছাঃ লিমা খাতুন ১৩ ফেব্রুয়ারি গোপালপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প পলাতক আসামিদের ধরতে অভিযান চালিয়ে আসছিল।
গ্রেফতারকৃত মোঃ সুমনকে টাঙ্গাইল জেলার গোপালপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, একই ক্যাম্পের দল ৫ মার্চ এই মামলার আরও দুই আসামি মোঃ সালমান (৩০) ও মোঃ লাভলু মিয়া ওরফে লাভু (৪৫) গ্রেফতার করতে সক্ষম হয়।











