খবর বাংলা ডেস্ক :
রাজধানীর আদাবর এলাকা থেকে বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৮ মার্চ) মধ্যরাতে আদাবর থানা পুলিশের এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাতে গোপন সংবাদের ভিত্তিতে আদাবর এলাকায় অভিযান চালিয়ে কৃষক লীগের এই শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে সরাসরি থানায় নিয়ে যাওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান। তিনি জানান, আদাবর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে সুনির্দিষ্ট কোনো মামলায় বা কোন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, ২০১৯ সালে কৃষক লীগের দশম জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের সভাপতির দায়িত্ব পান সমীর চন্দ। পরে সরকার পতনের পর ২০২৪ সালের অক্টোবরে রাজধানীর বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি। এরপর ওই বছরের ডিসেম্বর মাসে শেখ মো. জাহাঙ্গীর আলমকে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











