ঘাটাইল সংবাদ দাতা
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের কাজলা গ্রামে সরকারি বন বিভাগের প্রায় ২৪ বিঘা জমির আড়াই হাজার শাল-গজারি গাছ কেটে ফেলে দখলের অভিযোগ উঠেছে।
নিষিদ্ধ এই গাছগুলো কেটে সেখানে তৈরি করা হয়েছে বিশাল কলাবাগান। স্থানীয় অধিবাসীদের অভিযোগ, বিএনপির স্থানীয় নেতা ইকবাল তালুকদার ও ইউপি সদস্য আল আমিনের নেতৃত্বে মাসব্যাপী এ গাছ কাটাযজ্ঞ চললেও বন বিভাগের কর্মকর্তারা নীরব ভূমিকা পালন করেছেন।
সরকারি আইনে শাল-গজারি গাছ কাটা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে কোনো মামলা বা দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।
বর্তমানে ওই জমি পৈতৃক দাবি করে অন্য ব্যক্তিদের কাছে বার্ষিক ভিত্তিতে ইজারা দেওয়া হয়েছে এবং কলাবাগান গড়ে তোলা হয়েছে। এমনকি বন বিভাগের জমির কিছু অংশ হস্তান্তর দলিলের মাধ্যমে বিক্রিও করা হয়েছে।
ধলাপাড়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সাব্বির হোসাইন ঘটনাটি তাঁর যোগদানের আগের বলে দাবি করলেও বনের জমির আলামত থাকার কথা স্বীকার করেন। দ্রুত সময়ের মধ্যে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে পুনরায় বনায়ন করা হবে বলে জানান তিনি।











