ঘাটাইল সংবাদ দাতা
টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঘাটাইল-সাগরদিঘী আঞ্চলিক সড়কের সাগরদিঘী আমতৈল এলাকায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের গাংগাইর গ্রামের মৃত মাইন উদ্দিনের ছেলে অটোরিকশা চালক মোয়াজ্জেম হোসেন (৭০)। অপর নিহত যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে অটোরিকশাটি যাত্রী নিয়ে সাগরদিঘী বাজারের দিকে যাচ্ছিল। আমতৈল এলাকায় পৌঁছালে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চালক মোয়াজ্জেম হোসেনকে মৃত ঘোষণা করেন।
সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আজিজুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।











