ঘাটাইল সংবাদ দাতা
টাঙ্গাইলের ঘাটাইলে ওজনে কম মিষ্টি দেওয়া, হোটেলে বাসি খাবার পরিবেশন এবং মেয়াদোত্তীর্ণ কসমেটিক বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার বাজার রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।
অভিযান সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে বাজার রোড এলাকার কুড়ে মিষ্টি ঘর, তাজমহল হোটেল ও নাবিল কসমেটিক-এ অভিযান চালানো হয়। এ সময় মিষ্টি ওজনে কম দেওয়া, হোটেলে বাসি খাবার পরিবেশন এবং মেয়াদোত্তীর্ণ কসমেটিক বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠান তিনটিকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিতভাবে বাজার তদারকি করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











