ঘাটাইল
,
সংবাদ দাতা
টাঙ্গাইলে র্যাবের বিশেষ অভিযানে ১৩১ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি মোঃ তৌফিক আহমেদ (৩২) গ্রেফতার হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল উপজেলার দক্ষিনাশ্বর ব্রাহ্মন শাষন মন্দিরের সামনে এ অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্টে সীমান্ত নামের যাত্রীবাহী বাস তল্লাশি করা হলে মাদক কারবারি মোঃ তৌফিক আহমেদকে আটক করা হয়। ধৃতের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ১ গ্রাম হেরোইন এবং বিশেষ কৌশলে লুকানো ১৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসময় মাদক ক্রয়-বিক্রয়ের জন্য রাখা ২,৪৯০ টাকা এবং একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৩,১০,০০০ টাকা। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য টাঙ্গাইল ঘাটাইল থানায় হস্তান্তর করা হয়েছে।











