খবর বাংলা ডেস্ক :
চীনের একটি বিওয়াইডি উৎপাদন কেন্দ্রের ভেতরে অবস্থিত বহুতল পার্কিং গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরো ভবনটি ক্ষতিগ্রস্ত হয়ে আকাশজুড়ে ঘন কালো ধোঁয়ার সৃষ্টি হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৪ এপ্রিল) বিওয়াইডির একটি কারখানার ভেতরে থাকা ‘ত্রিমাত্রিক’ পার্কিং অবকাঠামোতে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে পুরো গ্যারেজটি আগুনে গ্রাস হয়ে যায়।
ঘটনার পরপরই স্থানীয় দমকল ও উদ্ধারকারী দল জরুরি তৎপরতা শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর মা লুয়ান এলাকায় অবস্থিত গ্যারেজটির আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
কর্তৃপক্ষ জানায়, ক্ষতিগ্রস্ত গ্যারেজটি শুধুমাত্র পরীক্ষামূলক, যাচাইকরণ এবং মেয়াদোত্তীর্ণ যানবাহন সংরক্ষণের জন্য ব্যবহৃত হত। সেখানে উৎপাদন লাইনের কোনো কার্যক্রম বা গ্রাহকদের জন্য প্রস্তুত গাড়ি ছিল না।
বিওয়াইডি কর্তৃপক্ষও নিশ্চিত করেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় উৎপাদন কার্যক্রম বা সরবরাহ ব্যবস্থায় কোনো প্রভাব পড়েনি।
এদিকে অগ্নিকাণ্ডের সময় ধারণ করা বেশ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোতে দেখা যায়, বহুতল ভবনের বড় অংশজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে এবং আশপাশের শিল্পাঞ্চলে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ছে। দমকল বাহিনী ও পুলিশ সদস্যদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায়।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বাইরের নির্মাণকাজে ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে যানবাহনের ব্যাটারি সংক্রান্ত কোনো ত্রুটি এ ঘটনার সঙ্গে জড়িত নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনার চূড়ান্ত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে।
তথ্য সূত্র : সময় টিভি











