কালিহাতী
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শোলাকোড়া বাজার এলাকা থেকে চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোজাম্মেল হক হিরো (৫৫)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মোজাম্মেল হক হিরো কালিহাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ি এলাকার বাসিন্দা। তিনি মৃত ডা. আব্দুল মজিদের ছেলে।
কালিহাতী থানা পুলিশ সূত্র জানায়, মোজাম্মেল হক হিরোর বিরুদ্ধে থানায় দায়ের হওয়া একাধিক চেক জালিয়াতি মামলায় আদালতের জারি করা ওয়ারেন্ট ছিল। সেই ওয়ারেন্টের ভিত্তিতেই শোলাকোড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাকে কালিহাতী থানায় নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে. এম. তৌফিক আজম বলেন, আদালতের ওয়ারেন্টের আলোকে আইনানুগভাবে গ্রেফতার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকালে তাকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হবে।











