খবরবাংলা ডেস্ক :
জনগণের অধিকার আদায়ের দাবিতে রাজপথে নেমেছেন জানিয়ে অধিকার আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ কোনো চাঁদাবাজকে আর বরদাস্ত করবে না। চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। সম্প্রতি গ্রেপ্তার সিফাতের গালিকে সমর্থন না করলেও তিনি যে কারণে প্রতিবাদ করেছেন, সেই সমস্যার সমাধান করা প্রয়োজন।
তিনি বলেন, ওই সমস্যার সমাধান না হলে দেশের ১৮ কোটি মানুষ সিফাতের মতো প্রতিবাদী হয়ে উঠতে পারে।
জামায়াতের আমির আরও বলেন, জনগণ নিজেদের অধিকার আদায়ে কোনো ছাড় দেবে না। লংমার্চে কোনো ধরনের বাধা এলে তা উপেক্ষা করেই কর্মসূচি এগিয়ে নেওয়া হবে।
তিনি বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য তারা রাজপথে নেমেছেন। রাজপথের পাশাপাশি সংসদেও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।
সমাবেশ শেষে ১১ দলীয় ঐক্যের লংমার্চের বহর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে চট্টগ্রামের লালদীঘির উদ্দেশে যাত্রা শুরু করে।
তথ্য সূত্র : যমুনা টিভি











