খবরবাংলা ডেস্ক :
জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ক্রমবর্ধমান বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আরও শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতা বিনিময়ের লক্ষ্যে ‘জাতিসংঘ পুলিশ জ্ঞান ও উদ্ভাবন নেটওয়ার্ক’ গঠনের প্রস্তাব দিয়েছেন।
বুধবার (৮ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন (ইউএনকপস-২০২৬)’-এ পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
দুই দিনব্যাপী এ সম্মেলনে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর পুলিশ প্রধান ও নীতিনির্ধারকেরা জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ, প্রযুক্তিনির্ভর পুলিশিং এবং আন্তঃদেশীয় নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রযুক্তির দ্রুত অগ্রগতি ও আন্তঃদেশীয় অপরাধচক্রের বিস্তারের কারণে প্রচলিত পুলিশিং ব্যবস্থায় পরিবর্তন আনা প্রয়োজন। তিনি জানান, বাংলাদেশ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী পুলিশ বাহিনীকে আধুনিকায়নের পাশাপাশি সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট, সাইবার অপরাধ, ফরেনসিক ও ইন্টেলিজেন্স-নির্ভর পুলিশিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।
তিনি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সেরা অনুশীলন ও প্রযুক্তিগত দক্ষতা বিনিময়ের জন্য ‘জাতিসংঘ পুলিশ জ্ঞান ও উদ্ভাবন নেটওয়ার্ক’ প্রতিষ্ঠার প্রস্তাব দেন। এছাড়া জলবায়ু পরিবর্তনজনিত নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় বার্ষিক পরিবেশ পুলিশিং সম্মেলন আয়োজনেরও আহ্বান জানান।
সম্মেলনে বাংলাদেশের এসব প্রস্তাব ও বিশ্বশান্তির প্রতি দেশের অঙ্গীকার অংশগ্রহণকারী প্রতিনিধিদের প্রশংসা কুড়িয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি










