খবরবাংলা ডেস্ক :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় বিএনপির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। পরে সেখানে বিশেষ মোনাজাতে অংশ নেন দলের নেতারা।
শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার সঙ্গে সম্পৃক্ত রাজনৈতিক দল বিএনপি। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে দলটি প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বিএনপি কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি পাঁচ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে দলটি। এসব কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন।
তথ্য সূত্র : যমুনা টিভি










