খবরবাংলা ডেস্ক :
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার করে তারকাদের ছবি ও ভিডিও বিকৃত করার ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। এবার এমন একটি বিকৃত ভিডিও নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর। একই সঙ্গে ভিডিওটি তৈরি ও ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
জাহ্নবী কাপুরের সঙ্গে অভিনীত ‘দেবরা: পার্ট ১’ সিনেমার জনপ্রিয় গান ‘চুট্টামাল্লে’র একটি দৃশ্য বিকৃত করে ভিডিওটি তৈরি করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে জুনিয়র এনটিআর অনুরোধ করেছেন, কেউ যেন ভিডিওটি না দেখেন বা শেয়ার না করেন।
এআই প্রযুক্তির এমন অপব্যবহারের বিরুদ্ধে আরও কঠোর আইন ও বিধিমালা প্রণয়নের আহ্বানও জানিয়েছেন এই অভিনেতা। তার ভাষ্য, এ ধরনের কর্মকাণ্ড বন্ধে শুধু রাজ্য সরকার নয়, ভারত সরকারকেও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ভিডিওটির ঘটনায় জুনিয়র এনটিআরের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও অনৈতিক বলে উল্লেখ করেন।
বিজয়ের মতে, কারও ছবি বা ভিডিও বিকৃত করে তাকে অপমান বা হেয় করার চেষ্টা ডিজিটাল মাধ্যমে যৌন নিপীড়নের পর্যায়ে পড়ে। তিনি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
নিজের ক্ষোভ প্রকাশ করে বিজয় প্রশ্ন তোলেন, মানুষ কীভাবে অন্যের প্রতি এতটা অসংবেদনশীল হয়ে উঠল। কাউকে অপমান করে আনন্দ পাওয়াকে তিনি চরম অসংবেদনশীলতা হিসেবে উল্লেখ করেন।
এআই প্রযুক্তির অপব্যবহার প্রসঙ্গে বিজয় বলেন, কিছু মানুষের কর্মকাণ্ডের কারণে উন্নত এই প্রযুক্তির প্রকৃত গুরুত্বই ম্লান হয়ে যাচ্ছে। পরিবার, অভিভাবকত্ব ও সমাজের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বিকৃত ভিডিওটির তীব্র নিন্দা জানিয়ে বিজয় একে ‘ডিজিটাল সেক্সচুয়াল অ্যাসল্ট’ হিসেবে অভিহিত করেন। তার মতে, যেসব ঘটনায় কোনো ব্যক্তির সম্মান ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেগুলোকে গুরুত্বের সঙ্গে নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এদিকে জুনিয়র এনটিআরও ভিডিওটি নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন। যারা এটি তৈরি করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। এ ধরনের কর্মকাণ্ডকে একটি ‘ব্যাধি’ হিসেবে উল্লেখ করে তা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন অভিনেতা।
প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে এআই দিয়ে তৈরি ভুয়া ও বিকৃত কনটেন্টের বিস্তারও বাড়ছে। বিশেষ করে তারকাদের ছবি ও ভিডিও ব্যবহার করে তৈরি করা এসব কনটেন্ট নিয়ে বিভিন্ন সময় আইনি ও সামাজিক উদ্বেগ তৈরি হয়েছে। জুনিয়র এনটিআর ও বিজয় দেবেরাকোন্ডার সাম্প্রতিক প্রতিক্রিয়ায় বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











