খবর বাংলা ডেস্ক :
বরিশাল নগরের রূপাতলী এলাকায় একটি মেসে অভিযানকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত এক শিক্ষার্থীকে ‘ছাত্রলীগ’ পরিচয়ে পুলিশে সোপর্দ করার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
শুক্রবার (৩ এপ্রিল) রাত ৯টার দিকে রূপাতলীর ২২ নম্বর ওয়ার্ডের একটি বাসা ঘিরে রেখে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশকে খবর দেন। পরে রাত ১০টার দিকে কোতোয়ালি থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
আটকরা হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান তমাল ও আকরাম খান ইমন এবং সমাজবিজ্ঞান বিভাগের বহিষ্কৃত শিক্ষার্থী মহিদুর রহমান বাকী ও রাকিব হাসান রনি। সহপাঠীদের একটি অংশ দাবি করেছে, তমাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।
জানা গেছে, জুলাইয়ে শিক্ষার্থীদের ওপর হামলার একটি মামলায় তমালের নাম সাক্ষী হিসেবে রয়েছে। অভিযানের সময় তিনি নিজেই পুলিশকে উদ্দেশ করে বলেন, তিনি আগেও জেল খেটেছেন এবং প্রয়োজনে আবারও জেলে যাবেন।
এদিকে আটক আকরাম খান ইমন অভিযোগ করেন, তাদের রাজনৈতিক পরিচয় বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। তিনি দাবি করেন, বর্তমানে তার ছাত্রলীগের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং অতীতে আন্দোলনে তার ভূমিকা ছিল। তার ভাষ্য, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের ‘ছাত্রলীগ’ হিসেবে চিহ্নিত করে পুলিশে দেওয়া হয়েছে।
অন্যদিকে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বলেন, ওই বাসায় ছাত্রলীগের নেতাকর্মীরা গোপনে বৈঠক করছিলেন—এমন তথ্যের ভিত্তিতে পুলিশকে জানানো হয়। এছাড়া সেখানে মাদক সংক্রান্ত অভিযোগও রয়েছে বলে তিনি দাবি করেন।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চারজনকে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কোতোয়ালি থানা।











