টাঙ্গাইল সদর সংবাদ দাতা
জ্বালানি তেলের কৃত্রিম সংকটের প্রভাব পড়েছে টাঙ্গাইলের মোটরসাইকেল বাজারে। বিক্রি কমে যাওয়ায় ব্যবসায়ীরা আকর্ষণীয় ছাড়, উপহার ও ক্যাশব্যাক অফার দিলেও ক্রেতার দেখা মিলছে না। শনিবার (৪ এপ্রিল) টাঙ্গাইল শহরের বিভিন্ন মোটরসাইকেল শোরুম ঘুরে এমন চিত্র দেখা গেছে।
জানা গেছে, পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত জ্বালানি পাওয়া যাচ্ছে না। এ কারণে অনেক চালক তাদের মোটরসাইকেল ব্যবহার কমিয়ে দিয়েছেন। ফলে নতুন মোটরসাইকেল কেনার আগ্রহও কমে গেছে ক্রেতাদের মধ্যে।
ইয়ামাহা, সুজুকি, হিরো, টিভিএস, বাজাজসহ বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকসহ নানা অফার চালু থাকলেও বিক্রি বাড়ছে না। ব্যবসায়ীদের মতে, ঈদুল ফিতরকে সামনে রেখে যে পরিমাণ বিক্রির আশা ছিল, তার অর্ধেকও হয়নি।
শোরুম সংশ্লিষ্টরা জানান, বর্তমানে অনেক সময় ক্রেতাশূন্য অবস্থায় বসে থাকতে হচ্ছে। প্রায় সব ব্র্যান্ডের বিক্রির ওপরই নেতিবাচক প্রভাব পড়েছে।
অন্যদিকে, জ্বালানি সংকটের প্রভাব পড়েছে সার্ভিস সেন্টারগুলোতেও। বাইকাররা কম বের হওয়ায় মোটরসাইকেল সার্ভিসিংও কমে গেছে। এতে টেকনিশিয়ানরা আর্থিক সংকটে পড়েছেন।
এদিকে, পাম্প থেকে জ্বালানি নিতে রেজিস্ট্রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর প্রভাবে বিআরটিএ অফিসে মোটরসাইকেল রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সের আবেদন বেড়েছে।
টাঙ্গাইল বিআরটিএ সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি মাসে মোটরসাইকেল রেজিস্ট্রেশন ছিল ৩৬৯টি, যা মার্চে বেড়ে দাঁড়িয়েছে ৭৬৯টিতে।











