টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইলের ঘারিন্দা এলাকায় অবস্থিত টাঙ্গাইল পল্লী পাওয়ার জেনারেশন লিমিটেড (টিপিপিজিএল)-এ জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ২২ মেগাওয়াট সক্ষমতার এই প্ল্যান্টে বর্তমানে উৎপাদন নেমে এসেছে মাত্র ৬ দশমিক ৭ মেগাওয়াটে, যা স্বাভাবিক উৎপাদনের তুলনায় অনেক কম।
জানা গেছে, সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের আউলটিয়া এলাকায় অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্রটি এক্স ইনডেক্স এনার্জি লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান। ২০২০ সালের ২০ ডিসেম্বর বাণিজ্যিকভাবে চালু হওয়া প্ল্যান্টটি চারটি রোলস-রয়েস বার্গেন ইঞ্জিনের মাধ্যমে প্রতিদিন ২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করে আসছিল।
তবে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি সংকট দেখা দেওয়ায় প্ল্যান্টটির চারটি ইঞ্জিনের মধ্যে দুটি বন্ধ রাখা হয়েছে। বর্তমানে দুটি ইঞ্জিন চালু রেখে সীমিত আকারে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।
সূত্র জানায়, প্ল্যান্টটির পূর্ণ সক্ষমতায় উৎপাদন বজায় রাখতে প্রতিদিন প্রায় ১ লাখ ৩০ হাজার লিটার ফার্নেস অয়েল প্রয়োজন হয়। কিন্তু জ্বালানি সংকটের কারণে সরকার প্রতিদিন মাত্র ৩০ হাজার লিটার ফার্নেস অয়েল ব্যবহারের নির্দেশনা দিয়েছে। ফলে উৎপাদন কমিয়ে আনতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (৪ এপ্রিল) পর্যন্ত প্ল্যান্টটিতে প্রায় ৩ লাখ ৫০ হাজার লিটার ফার্নেস অয়েল মজুদ রয়েছে। সীমিত সরবরাহের কারণে উৎপাদন ঘাটতি তৈরি হচ্ছে, যা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে।
এ বিষয়ে প্ল্যান্ট ম্যানেজার একেএম এনায়েত উল্লাহ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করেছেন।











